জীবনের দুঃখ-কষ্ট, হতাশা বা কঠিন পরিস্থিতিতে কখনো কখনো মানুষ আবেগের বশে মৃত্যু কামনা করে বসে। তবে ইসলাম এ ধরনের চিন্তাকে নিরুৎসাহিত করেছে। একজন মুমিনের বিশ্বাস হলো—জীবন ও মৃত্যু উভয়ই মহান আল্লাহর নিয়ন্ত্রণে, এবং প্রতিটি পরীক্ষার মধ্যেই রয়েছে কল্যাণ ও গুনাহ মাফের সুযোগ।
এই কারণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সরাসরি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন এবং এর পরিবর্তে একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, যেখানে বান্দা নিজের জীবন ও মৃত্যুকে আল্লাহর ইচ্ছার ওপর সোপর্দ করে।
দোয়াটি হলো—
اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي
উচ্চারণ: আল্লাহুম্মা বিইলমিকাল গাইবি, ওয়া কুদরাতিকা আলাল খালকি, আহয়িনি মা আলিমতাল হায়াতা খাইরাল্লি, ওয়া তাওয়াফফানি ইজা আলিমতাল ওয়াফাতা খাইরাল্লি।
অর্থ: হে আল্লাহ, আপনার অদৃশ্য জ্ঞান এবং সৃষ্টির ওপর আপনার ক্ষমতার দোহাই দিয়ে প্রার্থনা করছি, আপনি যতক্ষণ আমার জীবিত থাকাকে কল্যাণকর মনে করবেন, ততক্ষণ আমাকে জীবিত রাখুন। আর যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দিন।
সূত্র: সুনানে নাসায়ি, হাদিস নং ১৩০৫
অনলাইন ডেস্ক 

























