ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার কদমতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নূরানী গেট এবং ৯ নম্বর ওয়ার্ডের পোরগোলা সরদার বাড়ি মসজিদ এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে এলাকার বিভিন্ন ঝোপঝাড়, জমে থাকা পানি ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। অভিযান শেষে উপস্থিত অতিথিদের হাতে ‘সচিত্র বাংলাদেশ’ বই তুলে দেওয়া হয়।
সরকার ও জেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করায় সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসককে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ অভিযানে মূল ভূমিকা পালন করেন কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হারুন শেখ, কাজী তোফাজ্জল হোসেন টুলু, কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম সূর্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযান শেষে ইউনিয়নবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, নিজেদের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।