চট্টগ্রামের হালিশহরে অবস্থিত গরীবে নেওয়াজ হাই স্কুলের (জিএনএইচএস) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব জিএনএইচএস এক্স-স্টুডেন্টস’ (এজিইএস)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আফতাব হোসেন লিটন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. দেলোয়ার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে জয়লাভ করেছেন আফতাব হোসেন লিটন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল্লা আল ফিরোজ (টিপু) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত চারজন হলেন—মো. গোলাম সারোয়ার (সূর্যমুখী প্রতীক, ১ হাজার ১২ ভোট), মো. গিয়াস উদ্দিন (ছাতা প্রতীক, ৯৫৫ ভোট), শারমিন জাহান রুহি (প্রজাপতি প্রতীক, ৮৭৬ ভোট) ও মোহাম্মদ জাবেদ (দেয়াল ঘড়ি প্রতীক, ৭০৭ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মো. ইকবাল হোসেন (আপেল প্রতীক) ১ হাজার ২৩৭ ভোট এবং আসিফ আহমেদ চৌধুরী (উড়োজাহাজ প্রতীক) ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলম চশমা প্রতীকে পেয়েছেন ৩৪৫ ভোট।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে শামশুজ্জোহা আজাদ পলাশ টেবিল প্রতীকে ১ হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আরিফুজ্জামান বাবু কম্পিউটার প্রতীকে পেয়েছেন ২৪৫ ভোট। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তবলা প্রতীকে আকতার হোসেন রিশাদ ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন; তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফজলে উদ্দিন কবির রায়হান একতারা প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। ছাত্রী বিষয়ক সম্পাদক পদে হরিণ প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন শারমিন আফরোজ তনু; এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ইসরাত জাহান স্বর্ণা রংধনু প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষার্থীরা। নতুন নেতৃত্বের হাত ধরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং স্কুলের উন্নয়নে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
kalprakash.com/IM