নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া নারী শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ইসলামী ছাত্রী সংস্থা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পাসে প্রকাশ্যে তাদের কার্যক্রম শুরু করে। তবে বিশ্ববিদ্যালয় শাখায় সংগঠনটির আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, এর আগের বছর ২০২৫ সালের ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হোয়াইট হল কমপ্লেক্সের তৃতীয় তলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে একইভাবে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।
kalprakash.com/IM