নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধীনে ‘ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহাজান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মানসম্মত শিক্ষা প্রদান ও স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে নবপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি অন্তত ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ম্যাডাম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। নোবিপ্রবিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রশাসন ও শিক্ষা বিভাগ নামে দুটি বিভাগ রয়েছে। এসব বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য একটি স্কুল অ্যান্ড কলেজ প্রয়োজন। বর্তমানে তাঁদের ইন্টার্নশিপ সম্পন্ন করতে দূরের স্কুলে যেতে হয়। মূল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, এই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে এ অঞ্চলের অন্যতম সেরা ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। এখানে মূলত স্থানীয়দের সন্তানদের পড়াশোনার সুযোগ তৈরি হবে।
জেলা প্রশাসনের প্রতিনিধি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, আমাদের দেশে মানসম্মত শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত হওয়ায় এ প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। উপযুক্ত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৃজনশীল মানুষ তৈরির মাধ্যমে দক্ষ আইটি বিশেষজ্ঞ গড়ে তোলা সম্ভব হবে, যা আমাদের গৌরব বাড়াবে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাজান চৌধুরী তাঁর বক্তব্যে অঞ্চলের সম্ভাবনা ও স্মৃতিচারণা করে বলেন, আজকের এই বিশেষ সকালটি অন্যান্য দিনের চেয়ে আলাদা। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের এই চর এলাকার বিশ্ববিদ্যালয়টি আজ শহরের অনেক নামী বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভালো অবস্থানে রয়েছে। বিকেলে শহরের মানুষ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে, যা স্থানীয়দের ভালোবাসার প্রতিফলন।
তিনি আরও বলেন, আমাদের জেলা থেকে নোবিপ্রবিতে স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির হার তুলনামূলক কম। এ ধরনের একটি ভালো স্কুল গড়ে উঠলে এলাকার সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পথ সুগম হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানটিতে রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতে চান, তাঁরা সাবধান হয়ে যান। এই প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম ও প্রতিষ্ঠার এই সময়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের আমার মুখোমুখি হতে হবে।
এলাকার রাজনীতিবিদ ও অংশীজনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—আগামী ১০ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে।