ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের যানবাহনে এ ধরনের নাশকতামূলক হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অধিকার কারও নেই।
তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।