দেশের আকাশে গত শনিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল ও কলেজে পাঠদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মূল সরকারি ছুটির তালিকায় এ দিবসটির উল্লেখ নেই।
ছুটির হিসাব অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহমের পরদিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নিয়মানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে। এর পরদিনই শুরু হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। ফলে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী যদি ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, তবে তিনি টানা চার দিনের এক দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘মধুপূর্ণিমা’ অনুষ্ঠিত হবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) হওয়ায় এর জন্য আলাদা প্রাতিষ্ঠানিক ছুটির প্রয়োজন হচ্ছে না।
অন্যদিকে, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে কি না, তা নিয়ে প্রায়ই শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ফলে এ উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন কোনো ছুটি থাকে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় এ দিনে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখলেও অনেক বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নিয়মেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
kalprakash.com/IM