সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তকাজে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে বিচারের আবেদন জানানো হলে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, বহু আলোচিত এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাভুক্ত কি না, তা খতিয়ে ও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এর আগে সকালে সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক আবেদন জানান নিহতদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পেছানো হয়। আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পরদিন রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘদিনেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত চার সদস্যের বিশেষ টাস্কফোর্স মামলাটির তদন্তভার গ্রহণ করে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় কয়েক দফা সময় বৃদ্ধি করা হয়; যার ধারাবাহিকতায় সর্বশেষ গত ২৬ এপ্রিল আদালত তদন্তের জন্য আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।
kalprakash.com/IM