ঋতুস্রাব বা পিরিয়ডের সময় মাথাব্যথা, পেটব্যথা, ক্লান্তি কিংবা শরীর ভারী লাগার মতো নানা অস্বস্তিতে ভোগেন অনেক নারী। মাসের পর মাস একই ধরনের কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে অনেকেই বিষয়টিকে স্বাভাবিক ধরে নিয়ে নীরবে সহ্য করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই কষ্ট নীরবে সহ্য না করে ঋতুস্রাব শুরু হওয়ার কয়েক দিন আগে থেকেই খাবারের দিকে একটু বাড়তি নজর দিলে সহজেই শারীরিক স্বস্তি মিলতে পারে।
বলিউড অভিনেত্রী করীনা কপূর খানের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর ঋতুস্রাবের সময় তীব্র মাথাব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যা কমাতে তিনটি বিশেষ খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ঋতুস্রাব শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকেই খাবারের তালিকায় এসব উপাদান রাখা প্রয়োজন।
১. কালো বিউলির ডাল: কালো বিউলির ডালে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং বিভিন্ন দরকারি খনিজ উপাদান। এ ছাড়া কালো বিনজাতীয় এই খাবারে ভিটামিন বি১ পাওয়া যায়, যা মাইগ্রেনের তীব্র ব্যথা কমাতে সহায়ক হতে পারে। তাই ঋতুস্রাব শুরুর এক সপ্তাহ আগে থেকে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার কালো বিউলির ডাল খাওয়ার অভ্যাস করার পরামর্শ দিয়েছেন ঋজুতা।
২. পরিমিত কার্বোহাইড্রেট ও কলা: ওজন কমানোর আশায় অনেকেই হঠাৎ ভাত কিংবা রুটি খাওয়া একেবারেই কমিয়ে দেন। এতে শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি তৈরি হলে মিষ্টি বা চকোলেট খাওয়ার তীব্র প্রবণতা বাড়তে পারে। এর সঙ্গে যোগ হতে পারে হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব কিংবা তীব্র মাথাব্যথা। এই পরিস্থিতিতে কার্বোহাইড্রেট একেবারে বাদ না দিয়ে প্রয়োজন অনুযায়ী ভাত ও রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ। দানাশস্যজাতীয় খাবার ম্যাগনেশিয়ামের ভালো উৎস, যা স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এবং মাথাব্যথার ঝুঁকি কমাতে সহায়ক। এ ছাড়া খিদে না থাকলে কলা খাওয়া যেতে পারে; কলায় ম্যাগনেশিয়ামের পাশাপাশি পর্যাপ্ত ইলেকট্রোলাইট থাকে, যা হজমপ্রক্রিয়া ও পেট পরিষ্কার রাখতে সহায়তা করে।
৩. ভিটামিন বি৬ সমৃদ্ধ শাকসবজি: ঋতুস্রাবের এক সপ্তাহ আগে থেকেই সুনির্দিষ্ট কিছু সবজি বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন ঋজুতা। বিশেষ করে ওল, কচু, মিষ্টিআলু, আলু, মটর, মিষ্টি কুমড়া ও লাউ খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এসব সবজি থেকে প্রচুর ভিটামিন বি৬ পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমাতে এবং মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এটি অত্যন্ত সহায়ক।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ঋতুস্রাবের সময় তীব্র বা বারবার অসহনীয় মাথাব্যথা দেখা দিলে শুধু খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে মাথাব্যথার সঙ্গে দৃষ্টিতে সমস্যা, বারবার বমি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।
kalprakash.com/IM