বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবের মাহমুদ। গতকাল সংগঠনের কেন্দ্রীয় সংসদ তাকে এ দায়িত্ব দেয়।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন জাবের মাহমুদ। একই সঙ্গে নতুন দায়িত্ব ও সাংগঠনিক আমানত অর্পণের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে জাবের মাহমুদ বলেন, রাষ্ট্রের ঘুণে ধরা, জীর্ণ-শীর্ণ ও সংকটাপন্ন সময়ে তারা রাজনীতিতে এসেছেন। ২০২৪ সালে এসে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তাদের পথচলা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এই ধারাকে অব্যাহত রাখতে তারা অন্ধ আবেগমুক্ত, বুদ্ধিভিত্তিক ও কল্যাণমুখী নতুন ধারার ছাত্ররাজনীতির চর্চা করতে চান। ন্যায়সংগত অধিকার আদায়ে মেধা, সাহস ও দায়িত্বশীলতার সমন্বয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ভিন্নমত রাজনীতিকে সমৃদ্ধ করে উল্লেখ করে জাবের মাহমুদ বলেন, ভিন্নমত শত্রুতা তৈরি করে না। তাই সব সংগঠনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে দেশের স্বার্থে যৌথ ভূমিকা রাখাকে তাদের নীতি।
তবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সম্পূর্ণ স্বাধীন রাজনৈতিক সত্তা উল্লেখ করে তিনি বলেন, কোনো কায়েমি স্বার্থের কাছে তারা দাসত্ব স্বীকার করবেন না।
এর আগে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে আংশিক কমিটিতে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
দেশের ইতিবাচক রূপান্তরের এই লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক জাবের মাহমুদ।