বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ৮:৩১:৩০

নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সুযোগ খতিয়ে দেখছেন মেয়র মামদানি

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:০৯
শেয়ার: mail
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সুযোগ খতিয়ে দেখছেন মেয়র মামদানি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনাকে সামনে রেখে তাঁকে গ্রেপ্তারের আইনগত সুযোগ রয়েছে কি না, তা নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

দ্য নিউইয়র্ক টাইমসের অনুষ্ঠান দ্য ইন্টারভিউ-এ লুলু গার্সিয়া-নাভারোকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, তাঁর বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে।

তিনি আরও বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তাঁর কর্মকাণ্ডের পরিণতি বিবেচনায় অনেকেই একই মত পোষণ করেন।

তবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তিনি নিজে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়ে নেতানিয়াহুর মতো কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে আটক করার আইনগত ক্ষমতা রাখেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানান মামদানি।

তিনি বলেন, বিষয়টি স্পষ্ট করতে তিনি নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাঁর দপ্তর এখন খতিয়ে দেখছে, যুক্তরাষ্ট্রের আইন এবং স্থানীয় প্রশাসনিক ক্ষমতার আওতায় এমন কোনো পদক্ষেপ নেওয়া আদৌ সম্ভব কি না।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু সেখানে উপস্থিত হলে তাঁকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটি কার্যকরের প্রশ্ন আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward