সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।
দৈনিক স্বদেশ বিচিত্রা-এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও কর্মশালার আহ্বায়ক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। কর্মশালার উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিশু হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা নওশাদ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং মানবতার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঔলি উল্লাহ মো. সুমন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এসএম সালেহ জহুর রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর উপদেষ্টা সাব্বির আহমেদ রনি, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)-এর মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু, বিজেইউসির কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন আলম, ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম জুয়েল এবং বিজেইউসির ঢাকা মহানগরের সাংবাদিক নেতা আলোক বসু।
অনুষ্ঠানের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তব্য দেন কমিটির সদস্য সোহাগ আরেফিন। তিনি বলেন, “গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সত্যনিষ্ঠ, নির্ভীক ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও দক্ষ, দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।”
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনগণের আস্থা অর্জনের পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্মাননা-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি 























