জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আহত সাংবাদিকের নাম হৃদয় হোসেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ ক্রাইম ২৪-এর প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযুক্ত রাশেদুল ইসলাম ফক্কর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার খরমা বাজার এতিমখানা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালন শেষে ওই পথ দিয়ে যাওয়ার সময় রাশেদুল ইসলাম ফক্কর ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হৃদয় হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় সাংবাদিক হৃদয় হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় হৃদয় হোসেনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত সাংবাদিক হৃদয় হোসেন বাদী হয়ে রাশেদুল ইসলাম ফক্করের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কাল প্রকাশ 






















