উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের রাজু এবং সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল।
সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য ও প্রাণবন্ত উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা ও দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, ফুলকলি লিমিটেডের জিএম এম এ সবুর ও দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের আবহ সৃষ্টি হয়েছে।
kalprakash.com/IM