প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ডিজিটাল ইকোসিস্টেমের সম্প্রসারণের প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজন হলে নতুন আইন প্রণয়নও করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন আধুনিকায়ন ও নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনযাপন, যোগাযোগ ও সামাজিক আচরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, তেমনি তৈরি করেছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও যুগোপযোগী আইনি কাঠামো গড়ে তোলা জরুরি।
তিনি জানান, মন্ত্রণালয়ের আওতাধীন সব আইন, বিধি, প্রবিধান ও নীতিমালা পর্যালোচনার কাজ শুরু হয়েছে। কোন আইন সংশোধন বা আধুনিকায়ন প্রয়োজন এবং কোথায় নতুন আইন দরকার—এসব বিষয়ে দ্রুত সুপারিশ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগে মন্ত্রণালয়ের কার্যক্রম মূলত প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনভিত্তিক সেবার বিস্তারের ফলে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্র এখনও প্রচলিত আইনের বাইরে রয়েছে, তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন হালনাগাদ করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইতোমধ্যে নতুন আইন ও নীতিমালা গ্রহণ করেছে। বাংলাদেশের উপযোগী কার্যকর কাঠামো তৈরিতে এসব দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সভায় সাইবার জগৎ, ডিজিটাল ট্রান্সমিশন ও প্রযুক্তিনির্ভর সেবাকে সুশৃঙ্খল আইনি কাঠামোর আওতায় আনতে সরকারি-বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় ডেস্ক 




















