মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালোই গ্রামে ঢুকলেই চোখে পড়ে আকাশি-সাদা রঙের একটি বাড়ি। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা এই বাড়িটি তখন ব্যাপক আলোচনায় আসে।
তবে কয়েক বছর আগে করা রং এখন অনেকটাই মুছে গেছে। কোথাও কোথাও রঙের প্রলেপও উঠে গেছে। তবুও বাড়িটির দিকে তাকালেই বোঝা যায়, এটি একজন আর্জেন্টিনা সমর্থকের বাড়ি।
বাড়িটির মালিক রুবায়েত রাসেল। পেশায় ব্যবসায়ী। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে নিজের বাড়ি রাঙিয়ে আলোচনায় আসেন তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটির ছবি ভাইরাল হয়। মানিকগঞ্জ ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলাতেও তার এই ব্যতিক্রমী উদ্যোগ পরিচিতি পায়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়ির সীমানা প্রাচীর ও একটি চারচালা ঘর এখনো আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো রয়েছে। বাড়ির বিভিন্ন অংশে এখনো দেশটির পতাকা আঁকা আছে। তবে কয়েক বছর আগের রং কিছুটা ম্লান হয়ে গেছে। বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ এলেই রুবায়েত রাসেলের বাড়ি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেক ফুটবলপ্রেমী বাড়িটির সামনে এসে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেন। এ কারণে এলাকায় তিনি ‘আর্জেন্টিনা রাসেল’ নামেও পরিচিত।
এ বিষয়ে রুবায়েত রাসেল বলেন, ‘কাতার বিশ্বকাপের সময় বাড়িটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। অনেকেই বাড়িটি দেখতে এসেছেন। এবারও নতুন করে রং করার ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসার ব্যস্ততার কারণে আর করা হয়নি।’
আর্জেন্টিনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা আর ব্রাজিল—দুই দলই বিশ্ব ফুটবলের বড় শক্তি। তবে আমার কাছে আর্জেন্টিনা সব সময়ই বিশেষ। গত বিশ্বকাপের তুলনায় দলটি এখন আরও গোছানো ও শক্তিশালী। আশা করি, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।’
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি 



















