মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে খুদে বিজ্ঞানীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
‘মেধা-বিজ্ঞান-উদ্যোগ-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, ঘিওর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শওকত আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ আইডিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসব তরুণ উদ্ভাবক বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
খুদে বিজ্ঞানীদের তৈরি পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, রোবোটিকস এবং আধুনিক কৃষি প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠান শেষে সেরা প্রকল্প উপস্থাপনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি 



















