নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে মনির উদ্দিন প্রামাণিক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনির উপজেলার কেশবপুর গ্রামের মৃত চয়ন উদ্দিন প্রামাণিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন মনির। পথে কেশবপুর গ্রামের মুরগিতলা এলাকায় পৌঁছালে একটি বিষধর সাপ তার হাঁটুর নিচে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি 



















