শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বন্য হাতির উপদ্রব ও মানুষের সঙ্গে সংঘাত নিরসনে উদ্যোগ নিয়েছেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। এ লক্ষ্যে তিনি রোববার দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সীমান্ত অঞ্চলে বন্য হাতির বারবার লোকালয়ে প্রবেশ, জানমালের ক্ষয়ক্ষতি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও উদ্বেগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে এমপি ফাহিম চৌধুরী মধুটিলা ইকোপার্কের হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের অভিযোগ ও পরামর্শ শোনার পর তিনি প্রশাসন, বন বিভাগ এবং এলাকাবাসীর সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব। হাতি-মানুষ সংঘাতের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি। পাশাপাশি বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি। সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যাটির একটি স্থায়ী ও টেকসই সমাধান বের করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।”
উল্লেখ্য, নালিতাবাড়ীর সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে আসছে। অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
পুলক রায়,শেরপুর প্রতিনিধি 
















