কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গভীর রাতে ফেসবুকে তার বাবা কায়সার হামিদের একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। সেখানে বাবা–মেয়ের একটি হাসিখুশি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।
পোস্টে তিনি আরও লেখেন, আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার–সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা শুরুতে ফুসফুসের চিকিৎসা করলেও পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
পরিবার জানায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















