২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এবার প্রথমবারের মতো তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আর সেই মঞ্চেই পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়।
কানাডা ইতোমধ্যে তাদের উদ্বোধনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। আগামী ১২ জুন টরেন্টোতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মঞ্চ মাতাবেন সঞ্জয়। ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পী পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। সঙ্গীতশিল্পী, ডিজে ও মিউজিক প্রডিউসার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে।
সঞ্জয়ের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম ও উইলিয়াম প্রিন্স।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। একইসঙ্গে বিশ্বকাপ ট্রফিকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাসের শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে উঠবে।
দর্শকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। থাকবে নানা ধরনের বিনোদন, পুরস্কার ও প্রাক-ম্যাচ অ্যাক্টিভেশন।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।
অনলাইন ডেস্ক 






















