দক্ষিণী তারকা বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি’ নামে পরিচিত, অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও বড় সাফল্য দেখিয়েছেন। মাত্র ৫১ বছর বয়সেই তিনি গড়ে তোলা নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) তামিলনাড়ুর রাজনীতিতে চমক সৃষ্টি করেছে। এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে।
২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে এগিয়ে রয়েছে টিভিকে।
ইতিমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিশ্লেষকদের মতে, খুব দ্রুতই তামিল রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বিজয়।
এই রাজনৈতিক সাফল্যের আবহেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন।
৪ মে, ফল ঘোষণার দিনই ছিল তৃষার জন্মদিন। সকালে তিনি তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দেন। অনুরাগীদের একাংশের ধারণা, বিজয়ের সাফল্য কামনাতেই তিনি সেখানে গিয়েছিলেন।
পরে বিজয়ের জয় প্রায় নিশ্চিত হওয়ার পর তার বাড়ির সামনে ভক্তদের উচ্ছ্বাসের মধ্যেও তৃষার উপস্থিতি নতুন করে জল্পনা বাড়ায়। এ সময় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট আলোচনায় ঘি ঢালে।
পোস্টে তিনি লেখেন, বিজয়ের সাফল্যই তৃষার জন্মদিনের সেরা উপহার। তিনি আরও বলেন, বিজয়ের জয়ের মধ্য দিয়ে যেন তৃষার জন্মদিন আরও বিশেষ হয়ে উঠেছে।
এই মন্তব্য ঘিরে আবারও জোরালো হয়েছে বিজয়-তৃষা সম্পর্কের গুঞ্জন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখনো দুজনই নীরব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করছেন, আর তার এই বড় জয় অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ব্যক্তিগত জীবন নিয়েও।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 
























