দীর্ঘ প্রায় ১১ মাস কারাবাসের পর নতুন জীবনবোধ নিয়ে ফিরেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জেলজীবন শুধু কষ্টের ছিল না, বরং সেটিই তাকে আত্মিক পরিবর্তনের পথে নিয়ে গেছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন সিদ্দিক। পরে টানা ১০ মাস ২২ দিন কারাভোগ শেষে চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান তিনি।
সাক্ষাৎকারে সিদ্দিক বলেন, কারাগারে যাওয়ার আগে তিনি দ্বীনের চর্চায় খুব বেশি মনোযোগী ছিলেন না। তবে বন্দিজীবনে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ তাকে ভেতর থেকে বদলে দিয়েছে।
তার ভাষায়, “জেলে অনেক চিন্তা করার সময় পাওয়া যায়। আল্লাহ আমাকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছেন।”
কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই বাক্যটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। সিদ্দিকের মতে, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর সেই সময়েই তিনি নিজের জীবনের ‘আলোর পথ’ খুঁজে পেয়েছেন।
বন্দিজীবনে অভিনয় থেকে দূরে থাকলেও থেমে থাকেনি তার সৃজনশীলতা। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন বলে জানান এই অভিনেতা।
তবে মুক্তির পরও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি সিদ্দিক। তিনি বলেন, কারাজীবনের মানসিক চাপ এখনো তাকে তাড়া করে ফেরে। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে নতুনভাবে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























