পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা ও সমালোচনার মধ্যে রয়েছে। জীবনের কিছু বিতর্কিত অধ্যায় পর্দায় না আনার অভিযোগ থাকলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি, বরং বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা। এই আয় চলতি বছরের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় ‘মাইকেল’-কে ষষ্ঠ স্থানে নিয়ে গেছে।
দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন শুক্রবার সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন শনিবার আয় হয় ৩২.৪৬ মিলিয়ন ডলার এবং তৃতীয় দিন রবিবারে তা দাঁড়ায় ২৫.৪৫ মিলিয়ন ডলারে। প্রথম তিন দিনে মোট আয় হয় ৯৭.২০ মিলিয়ন ডলার। এরপর চতুর্থ ও পঞ্চম দিনে আরও ১২১.৬৩ মিলিয়ন ডলার যোগ হয়, যার বড় অংশ আসে আন্তর্জাতিক বাজার থেকে।
প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফার জ্যাকসন। এছাড়া মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার এবং কেনড্রিক স্যাম্পসনসহ অনেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























