স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পর সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত সাঁড়াশি অভিযান শুরু করবে সরকার। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
সোমবার (২৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান তিনি।
এর আগে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে পরিচালিত অবৈধ সিসা লাউঞ্জ নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই দেশব্যাপী সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, অতীতে রাজধানীর গুলশান, বনানী, ধানমণ্ডি ও উত্তরা এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় অবৈধ সিসা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল। বর্তমানে এসব স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ।
মন্ত্রী জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ ব্যবসা ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পুলিশ সদস্য যদি এসব অবৈধ কার্যক্রমে জড়িত থাকে বা সহায়তা করে, প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 
























