রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সোমবার (১৮ মে) রাতে পরিচালিত এ অভিযানে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের চোরাচালানি সিগারেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশে রাত আনুমানিক ৯টার দিকে নায়েব সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কয়েকজন চোরাকারবারী মাথায় প্লাস্টিকের বস্তা বহন করে সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেন।
উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাচালান কার্যক্রম সক্রিয় রয়েছে। বিশেষ করে বিদেশি সিগারেট, মাদক, কসমেটিকস ও অন্যান্য নিষিদ্ধ পণ্য বিভিন্ন কৌশলে পাচারের চেষ্টা করে চোরাকারবারীরা। তবে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে এসব অপতৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযানিক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি বৃদ্ধির ফলে চোরাচালানকারীরা এখন অনেকটাই চাপে রয়েছে। তবুও অবৈধ পণ্য পাচারের চেষ্টা অব্যাহত থাকায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
kalprakash.com/SAS
রাঙ্গামাটি প্রতিনিধি 





















