নব্বই দশকের ক্লাসিক প্রেমকাহিনি ‘তাল’ আবারও আলোচনায় এসেছে। ১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাই নির্মিত এই ব্লকবাস্টার ছবিটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর অভিনীত এই সিনেমাটি এখনও বহু দর্শকের প্রিয় তালিকায় রয়েছে।
এবার সেই ছবির সম্ভাব্য সিক্যুয়াল ‘তাল ২’ নিয়েই নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিচালক সুভাষ ঘাই প্রশ্ন তুলেছেন, বর্তমান সময়ে ‘তাল ২’ তৈরি করা সম্ভব কি না। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
পরিচালকের মতে, ‘তালের গল্পে কোনো ভিলেন ছিল না, ছিল না অতিরিক্ত সহিংসতা বা যৌনতার ব্যবহার। এখনকার জেন জি দর্শক এই ধরনের গল্প কতটা গ্রহণ করবে, সেটাই ভাবার বিষয়।’ তিনি আরও জানান, ছবির স্ক্রিপ্ট প্রায় প্রস্তুত, তবে এখনই সঠিক সময় কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন।
সুভাষ ঘাই বলেন, গত ১৫ বছর ধরে দর্শকরা তাকে নিয়মিত জিজ্ঞেস করছেন ‘তাল’ কবে ফিরবে। এমনকি নতুন প্রজন্মও এর দ্বিতীয় কিস্তি দেখার আগ্রহ প্রকাশ করছে। তার মতে, সঠিক কাস্টিং এবং শক্তিশালী স্ক্রিপ্টই একটি ভালো সিনেমার মূল ভিত্তি।
সব মিলিয়ে ‘তাল ২’ নিয়ে আলোচনা বেশ দূর এগোলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে সবকিছু ঠিকঠাক এগোলে ২৭ বছর পর বড় পর্দায় ফিরতে পারে নব্বই দশকের এই আইকনিক প্রেমকাহিনি।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























