২০২৬ সালের বিশ্বের সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিনের ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।
একসময় হলিউডে অ্যান হ্যাথাওয়ের নামের সঙ্গে নেতিবাচক ধারণা যুক্ত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বদলে ফেলেন এবং ক্যারিয়ারে নতুনভাবে এগিয়ে যান।
সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি নিজেকে নিয়ে খুব কঠোর ছিলেন। তার ধারণা ছিল, নিজেকে যত বেশি নিয়ন্ত্রণে রাখা যাবে, ততই ভালো শিল্পী হওয়া সম্ভব। কিন্তু চল্লিশের ঘরে পৌঁছানোর পর তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।
তিনি বলেন, অস্বস্তিকর জীবনকে বিদায় জানিয়ে এখন আমি শুধু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চাই। এই আত্মউপলব্ধিই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
চলতি বছর অ্যান হ্যাথাওয়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যার মধ্যে পাঁচটি চলচ্চিত্র চলতি বছরেই মুক্তি পেতে পারে।