সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের কিংবদন্তি লাকী আখন্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পর ধানমন্ডির গানের আড্ডায় সময় কাটাতেন। সেই অফিসটি ছিল গীতিকার গোলাম মোর্শেদের।
সেখানেই এক সন্ধ্যায় গোলাম মোর্শেদের লেখা একটি গান লাকী আখন্দ নিজেই সুর করেছিলেন। কিন্তু নানা কারণে গানটি তখন আর তার কণ্ঠে রেকর্ড করা হয়ে ওঠেনি।
৩৪ বছর আগে লেখা ও সুর করা সেই গান ‘যার কাছে মন রেখে’ অবশেষে প্রকাশ পেল জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।
গানটি নিয়ে গোলাম মোর্শেদ বলেন, আমার জীবনের বড় একটি অংশজুড়ে আছেন লাকী ভাই। তাকে ভেবেই অনেক গান লিখেছি। ‘যার কাছে মন রেখে’ গানটি দেখার পর তিনি নিজেই সুর করেছিলেন, কিন্তু পরে আর গাওয়া হয়নি। তিনি চলে যাওয়ার পর গানটি এভাবেই রেখে দিয়েছিলাম।
তিনি আরও বলেন, গানটি প্রকাশের ভাবনা সবসময়ই ছিল। একসময় মনে হলো, এটি যদি প্রকাশ করতেই হয় তবে লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণ মুন্সীর চেয়ে ভালো কেউ গাইতে পারবে না। সে অসাধারণভাবে গানটি গেয়েছে।
গায়ক তরুণ মুন্সী বলেন, এটি এক অন্য রকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি গাইব, তা কখনো ভাবিনি। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, তারই গান গাওয়া সত্যিই বিশেষ অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, লাকী আখন্দের মূল কম্পোজিশন ঠিক রেখে বর্তমান সময়কে মাথায় রেখে নিজের মতো করে গানটি গেয়েছি। শ্রোতাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















