ব্যক্তিগত জীবনের চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝেই এবার ছেলের শোকে ভেঙে পড়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রয়াত সন্তান শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন সেলিনা। ভিডিওটি প্রকাশ করে নিজের জীবনের গভীর মানসিক ট্রমার কথাও তুলে ধরেন তিনি।
ক্যাপশনে সেলিনা লেখেন, একজন মা হিসেবে নিজের কষ্ট প্রকাশ করতে বাধ্য হয়েছেন তিনি। তার দাবি, গত কয়েক সপ্তাহ ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। বিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় থাকাকালে সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সেলিনা আরও জানান, সন্তানদের মধ্যে কেবল শামশেরের সঙ্গে তার দেখা হয়েছিল, যার মৃত্যুর ঘটনা তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছে। তিনি দাবি করেন, সন্তানদের দেখাশোনা এবং পরিবারের জন্য নিজের দেশ ও কর্মজীবন পর্যন্ত ত্যাগ করেছেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, আইনি প্রক্রিয়ায় তিনি সুবিচার না পেয়ে উল্টো নানা চাপ ও সম্পদ হারানোর ঝুঁকির মুখে পড়েছেন। পাশাপাশি সন্তানদের দূরে সরিয়ে রাখা এবং তাদের নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।
একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, বিবাহবার্ষিকীর দিনই তাকে ডিভোর্স নোটিশ দেওয়া হয়, যা তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে।
প্রসঙ্গত, ২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি সন্তানদের ফিরে পাওয়ার পাশাপাশি বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























