নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে মাদানী বলেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথে না গিয়ে শরিয়তসম্মত উপায় বেছে নিতে চেয়েছেন।
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। বলেন, এ সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, যা তাকে ব্যথিত করে। দীর্ঘ সময় ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়। তিনি জানান, তাদের আড়াই বছরের সংসার সুখের ছিল, তবে এখন তারা একটি কঠিন পরীক্ষার মুখে রয়েছেন।
ইসলামি শরিয়তের আলোকে একাধিক বিয়েতে ন্যায়বিচার বা ইনসাফ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে সমতা রক্ষা করাই সবচেয়ে বড় শর্ত। এজন্য আল্লাহর কাছে সহায়তা চেয়েছেন, যাতে কারও অধিকার ক্ষুণ্ন না হয়।
পোস্টের শেষে তিনি নিজের দুই পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং আশা প্রকাশ করেন, সবাই ধৈর্যের সঙ্গে বিষয়টি গ্রহণ করতে পারবেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 





















