অনলাইন আর্থিক প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু গ্রাহক হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা রোধে বেশ কিছু নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপি অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
এছাড়া সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে ফ্রি অ্যাপ ইনস্টল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ, জামানতবিহীন অনলাইন ঋণ বা বিনিয়োগের প্রস্তাব থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শও দেওয়া হয়েছে।
কোনো ধরনের প্রলোভনমূলক অফার যেমন লটারি বা পুরস্কারের প্রলোভন পেলে যাচাই ছাড়া তা বিশ্বাস না করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অনলাইন প্রতারণার ফাঁদ থেকে অর্থ সুরক্ষিত থাকে এবং অন্যদেরও সচেতন করা যায়।
এ ধরনের অভিযোগ বা সেবাসংক্রান্ত সমস্যার জন্য ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।