দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
তিনি জানান, আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে, গত ১৭ নভেম্বর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
সেদিন বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা ছিল। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার কথা জানানো হয়।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।
বায়েরার অনুমোদন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ প্রক্রিয়ায় প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রোভিশনাল টেকওভার করবে।
পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।