সরকারের খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশে মাছের উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
রোববার (২২ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাছের চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ৫১ লাখ মেট্রিক টন। অর্থাৎ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের মৎস্য উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। খাল খননের ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাও আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, টেকসই মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যজীবীদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬।