টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে এ দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
তবে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন এ দাম ও নিয়ম কার্যকর থাকবে।