মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন খান বলেন, ‘সাংবাদিক পরিচয়দানকারী মামুনুর রহমান বাবুল নামের এক ব্যক্তি ঢাকা থেকে আসার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত হওয়ার ঘটনাকে মারধরের অভিযোগ হিসেবে তুলে ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, এএইচকে ফিলিং স্টেশনের সামনে আমি ও আমার লোকজন তাকে মারধর করেছি। ওই ফিলিং স্টেশনে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ যাচাই করা হোক। তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগের সত্যতা না পেলে বাবুল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।’
উল্লেখ্য, সোমবার সকালে শিবচর উপজেলার দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেন বাবুল।
তবে এ ঘটনায় উত্থাপিত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনকারী শাহাদাত হোসেন খান।