রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ ৩১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ ৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ ১৮৬টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ ৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ ৮৩টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ ৩৬০টি মামলা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ ৯৮টি মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাসস