রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে একটি ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান মোস্তফা। এ সময় ওয়ার্কশপের কর্মচারীরা তাঁকে চোর সন্দেহে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নিয়ামত আলী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করতেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য মোস্তফার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।