অন্তর্বর্তী সরকারের সময়ে কেন হামের টিকা কার্যক্রমে ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত করে দেখা হবে কেন নির্ধারিত সময়ে টিকা কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়নি।
তবে ব্যক্তিগত মতামত দিয়ে তিনি বলেন, শিশু মৃত্যু ঘটানোর মতো কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ছিল না বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, সরকারের নেওয়া টিকা কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্য অর্জনের আশা করা হচ্ছে।
এ সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ সেখানে কোনো পর্যবেক্ষণ করছে না।
তার ভাষায়, পশ্চিমবঙ্গসহ ভারতের যেকোনো রাজ্যের নির্বাচনের ফলাফল বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করে না। বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 






















