জামালপুর জেলার দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিলের ডোঙায় আখ ফেলে চলতি মৌসুমের উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। উদ্বোধনের আগে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি এবং জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসুল আলম। এ সময় আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু এবং জিলবাংলা চিনিরকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন।
মিল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমে ৮৬ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে চিনি আহরণের হার (রিকোভারী) ধরা হয়েছে ৭.০০%। এর আগে গত বছর ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল, যেখানে রিকোভারী ছিল ৬.৩২%।
আখচাষীদের স্বার্থ বিবেচনায় ২০২৬-২০২৭ মৌসুমে সরকার আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বাড়িয়ে ৬২৫ টাকার স্থলে ৬৫১ টাকা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি নিশ্চিতকরণ, মানসম্মত চিনি উৎপাদন এবং রিকোভারী বৃদ্ধির মাধ্যমে মিলটিকে ব্রেক ইভেন বা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৫৭-১৯৫৮ সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করা এই প্রতিষ্ঠানটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মৌসুমটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: ফেরদৌসুল আলম।