কুমিল্লার দেবিদ্বারে নিজের আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক হাফেজ ও মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. কামরুল ইসলাম (৩৩)। এ ঘটনায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। পরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত কামরুল ইসলাম গত প্রায় এক বছর ধরে শিশুটিকে বিভিন্ন খাবারের লোভ ও প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করে আসছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দেবিদ্বার থানাধীন ধামতী এলাকার জনৈক সেলিম সরকারের বসতবাড়ির তিনতলা ভবনের ছাদে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তার মা।
অভিযোগে আরও বলা হয়, পাশের ভবনে অবস্থানরত স্থানীয় বাসিন্দা আলিম বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে সেলিম সরকারের ভবনের ছাদে শিশুটিকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কামরুল ইসলামকে আটক করা হয়।
ঘটনার পর শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর তার মা রহিমা খাতুন স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “অভিযুক্ত কামরুল ইসলামকে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করেছেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
প্রতিবেদকের বক্তব্য: শিশুটির সুরক্ষা ও পরিচয় গোপন রাখার স্বার্থে তার নাম, ছবি ও শনাক্তযোগ্য পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এর সত্যতা যাচাই করবেন।