‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন দর্শকরা।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার।
নওগাঁ প্রতিনিধি 























