লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হুমকিমূলক স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় এসেছেন নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা ও রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু। তার দেওয়া একটি আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে রাজু লিখেন,
“অন্টু, মন্টু, পিন্টু— তোদের চো*দার ২ মিনিট সময়ও আমার নাই। আমি যেদিন রামগঞ্জে ঢুকবো, তোদের বিষয়টা মাথায় নিয়েই ঢুকবো। মাইন্ড ইট। এর আগে যা বা”ল পালানোর পালাই ল।”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহলের দাবি, এটি শুধুমাত্র অশালীন ভাষা নয়, বরং সরাসরি ভয়ভীতি ও সহিংসতার ইঙ্গিত বহন করে। একজন সাবেক জনপ্রতিনিধির এমন প্রকাশ্য হুমকি সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগজনক বলেও মন্তব্য করেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রকাশ্য হুমকি আইনশৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামিল।
স্থানীয়দের অভিযোগ, ফেসবুককে ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখানো এবং এলাকায় আধিপত্য বিস্তারের অপচেষ্টা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক এই পোস্টে ব্যবহৃত ভাষা ও হুমকির ধরন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে।
মোঃ তামজিদ হোসেন রুবেল: লক্ষ্মীপুর প্রতিনিধি 























