পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ‘লিডারশিপ ট্রেনিং’ বা নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ১০টি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
প্রশিক্ষণ কর্মশালায় নেতৃত্বের গুণাবলি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শিক্ষাবিদ জামাল উদ্দিন, আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. নূর হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাঙালিদের বঞ্চনার বিভিন্ন দিক উল্লেখ করেন। তারা বলেন, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী অঞ্চলের মোট জনসংখ্যার ৫২.০৬ শতাংশ বাঙালি হলেও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। শিক্ষা ও চাকরিতে কোটা ব্যবস্থা, বৃত্তি বণ্টন এবং উন্নয়ন কার্যক্রমে বৈষম্যের অভিযোগও তুলে ধরা হয়।
এ সময় পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বাঙালিরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ছে। এ অবস্থায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর অধিকার ও দেশের অখণ্ডতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি 























