বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ আবারও আইনি জটিলতায় পড়েছে। বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ সিনেমাটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়, কারণ ছবিটির স্বত্ব নিয়ে নতুন করে বিরোধে জড়িয়েছে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবং দক্ষিণী প্রযোজনা সংস্থা সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রযোজকের বিরুদ্ধে প্রথমে আইনি পদক্ষেপ নেয় ওই সংস্থা। তাদের অভিযোগ ছিল, ছবিটির স্বত্ব ব্যবহারে অনিয়ম হয়েছে। এবার সেই অভিযোগের জবাবে পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালা।
প্রযোজকের দাবি, তিনি বৈধভাবে ছবির স্বত্ব কিনেছেন এবং তা জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। তার ভাষ্য অনুযায়ী, ২০০০ সালে তিনি ‘মেসার্স কমপ্যাক্ট ডিস্ক ইন্ডিয়া লিমিটেড’-এর সুরেশ কুমার সিংঘলের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ রুপির বিনিময়ে ‘হেরা ফেরি’ গল্পের পুনর্নির্মাণের স্বত্ব কিনেছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, ছবির মুক্তির আগে কিছু ব্যক্তি তার কাছ থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিল, এবং বড় বিনিয়োগের কারণে তিনি তখন পরিস্থিতি সামাল দিতে বাধ্য হন।
উল্লেখ্য, ‘হেরা ফেরি’ মূলত মালয়ালাম ছবি ‘রামজি রাও স্পিকিং’-এর গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। ফলে এর স্বত্ব ও পুনর্নির্মাণ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলছে।
বিশ্লেষকদের মতে, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা ও সম্ভাব্য বাণিজ্যিক সাফল্যের কারণে স্বত্ব নিয়ে এই আইনি লড়াই আরও জটিল হয়ে উঠছে।
সব মিলিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘হেরা ফেরি ৩’ এর নির্মাণ ও মুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























