আরলা ফুডস বাংলাদেশ নতুন একটি দুগ্ধজাত পণ্য ‘ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধ পরিপাকজনিত সমস্যায় ভোগা ভোক্তাদের কথা বিবেচনা করে এই পণ্যটি তৈরি করা হয়েছে। রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ।
কোম্পানির তথ্য অনুযায়ী, এই পণ্যে ল্যাক্টেজ এনজাইম ব্যবহারের মাধ্যমে দুধের ল্যাকটোজ উপাদান ৩৬ শতাংশ থেকে ৩ শতাংশে কমিয়ে আনা হয়েছে, ফলে যাদের দুধ হজমে সমস্যা হয় তাদের জন্য এটি সহজে পরিপাকযোগ্য বিকল্প হিসেবে কাজ করবে। আরলা ফুডস বলছে, দুধের পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখেই এটি তৈরি করা হয়েছে যাতে ভোক্তারা স্বাচ্ছন্দ্যে দুধের উপকারিতা গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, সামাজিক চাহিদার ভিত্তিতেই কোম্পানি এই ধরনের উদ্ভাবন নিয়ে আসে এবং ডানো ল্যাক্টো রিডিউসড পণ্যটি দুধের পুষ্টিগুণ বজায় রেখে সহজ পরিপাক নিশ্চিত করতে সহায়তা করবে। অন্যদিকে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা রয়েছে এবং এই পণ্যটি ড্যানিশ প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের পুষ্টি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই পণ্যটি মূলত ৫ বছরের বেশি বয়সী শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য উপযোগী বলে জানানো হয়েছে, যারা দুধ খেলে অস্বস্তি অনুভব করেন। আরলা ফুডস বাংলাদেশ জানিয়েছে, তারা ভবিষ্যতেও নিরাপদ, সহজলভ্য ও ভোক্তাবান্ধব দুগ্ধজাত পুষ্টি পণ্য বাজারে আনার কার্যক্রম অব্যাহত রাখবে।
বাণিজ্য ডেস্ক 























