বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবীব (ঠান্ডু)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২ এপ্রিল ২০২৬ ইং তারিখে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আহসান হাবীব (ঠান্ডু)-কে চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আহসান হাবীব ঠান্ডু বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক হামলা ও মামলার শিকার হন। সে সময় তার বাড়িঘরেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা ঠান্ডু এর আগে চিতলমারী উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ও পরোপকারী হিসেবে এলাকায় বেশ পরিচিত।
নতুন এই দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা দেখা দিয়েছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 























