দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী খন্দকার মারুফ হোসেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী শাহীন আহমেদ।
রায়ের পর আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, মামলার প্রধান আসামিদের অব্যাহতি দেওয়ার ফলে সহ-আসামিদের বিরুদ্ধেও মামলা চলতে পারে না। এই যুক্তিতে আদালত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চলমান কার্যক্রম বাতিল করে তাকে অব্যাহতি দিয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালে বড়পুকুরিয়া কয়লাখনির চুক্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের কথা বলা হয়।
পরে একই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে, যাদের মধ্যে মোয়াজ্জেম হোসেনও ছিলেন।
এর আগে মামলার কিছু আসামিকে অব্যাহতি দেওয়া হয়, যাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। কিছু আসামি মৃত্যুবরণ করায় তাদের ক্ষেত্রেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আবেদন করেন এবং মামলার কার্যক্রম বাতিলের আবেদন জানান। প্রাথমিক শুনানির পর আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে।
সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্ট রুলকে যথাযথ ঘোষণা করে মোয়াজ্জেম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























