আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত আসনের জন্য আগ্রহ প্রকাশ করে তিনি শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারেও অংশ নেন।
রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই গুঞ্জন ছিল, এবার সংরক্ষিত নারী আসনে কয়েকজন তারকা মুখ দেখা যেতে পারে। সেই তালিকায় সংগীতশিল্পী কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পাশাপাশি নতুন করে যুক্ত হলো চমকের নাম।
সাক্ষাৎকার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চমক জানান, দেশের সেবা এবং বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান। বিএনপির প্ল্যাটফর্মকে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চমক বলেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে এবং দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন। সাক্ষাৎকারে দল ও দেশের প্রতি তাঁর অঙ্গীকার সম্পর্কিত প্রশ্নেরও ইতিবাচক উত্তর দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে একই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই যাত্রার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেন চমক। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে নতুন পথচলার কথা উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। পরবর্তীতে নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও তাঁকে সক্রিয় থাকতে দেখা গেছে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 





















