দক্ষিণী সুপারস্টার রাম চরণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। আইটেম গানের নায়িকা নির্বাচন ঘিরে নির্মাতা ও রাম চরণের মধ্যে মতবিরোধের কারণে শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। পরিচালক বুচি বাবু সানার এই ছবির ‘চিকিরি চিকিরি’ এবং ‘রাই রাই রা রা’ গান ইতিমধ্যেই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর আগে বড় পরিসরে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও একাধিক জটিলতার কারণে তা পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়। তবে শুটিং প্রায় শেষ পর্যায়ে থাকলেও একটি আইটেম গান ও কিছু প্যাচওয়ার্কের কাজ এখনও বাকি রয়েছে।
জানা গেছে, আইটেম গানের জন্য অভিনেত্রী নির্বাচন নিয়ে রাম চরণ ও নির্মাতাদের মধ্যে মতের অমিল দেখা দিয়েছে। নির্মাতারা দক্ষিণী ইন্ডাস্ট্রির কোনো অভিনেত্রীকে নিতে চাইছেন, অন্যদিকে রাম চরণ চাইছেন এমন একজন তারকা, যিনি প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা রাখেন, যাতে ছবির বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়ে।
এই গানের জন্য নয়ন সারিকা, মানসা বারাণসী, ম্রুণাল ঠাকুরসহ একাধিক অভিনেত্রীর নাম আলোচনায় এসেছে। পাশাপাশি পূজা হেগড়ে ও আয়েশা খানের মতো তারকাদের নিয়ে মাল্টি-অ্যাক্ট্রেস আইটেম গানের গুঞ্জনও শোনা যাচ্ছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে রাম চরণ ব্যক্তিগত কারণে এক সপ্তাহের ছুটিতে রয়েছেন। এই সময়ের মধ্যেই নির্মাতারা কাস্টিং সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পরিচালকের মতে, বাকি কাজ শেষ করতে আরও প্রায় ১০ দিন সময় লাগবে।
সব মিলিয়ে ৩০ এপ্রিল নির্ধারিত মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে না বলেও জানা গেছে।
অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন শিব রাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু শর্মা। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল বেশ উচ্চ।
বিনোদন ডেস্ক 

























